অপরাধ ডেস্ক রিপোর্টঃ রাজধানী ঢাকার অপরাধ জগতে নতুন সংযোজন হিসেবে দেখা মিলেছে কলমের মতো দেখতে ছোট আকারের আগ্নেয়াস্ত্র ‘পেন গান’। সহজে বহনযোগ্য ও গোপনে লুকিয়ে রাখার সুবিধার কারণে এটি অপরাধীদের কাছে জনপ্রিয় হচ্ছে আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হয়ে উঠছে নতুন উদ্বেগের কারণ। গত ৩ এপ্রিল পুরান ঢাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনার তদন্তে নেমে অত্যাধুনিক এই ক্ষুদ্রাস্ত্রের সন্ধান পায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি জানার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে ঢাকা পোস্ট। পেন গান নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করেন এ প্রতিবেদক। এরই মধ্যে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ঢাকা পোস্টের হাতে এসেছে।
জানা গেছে, পুরান ঢাকায় গুলির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের একটি চৌকস দল ‘পেন গান’সহ সোহেল ওরফে কাল্লু ও সায়মন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। এখন পেন গান নামের ক্ষুদ্র অস্ত্রটির উৎস খুঁজছেন গোয়েন্দারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যুবদল নেতাকে গুলির ঘটনায় জড়িতরা সবাই তার ঘনিষ্ঠ হওয়ায় আসামিদের নাম-পরিচয় পেতে সমস্যা হয়নি। ঘটনার পর থেকে আমরা ছায়া তদন্ত করছিলাম। তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সায়মনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সোহেল ওরফে কাল্লুকে গ্রেপ্তার করা হয়। কাল্লুর কাছ থেকে রাসেলকে গুলি করার সময় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাই অস্ত্রটি গতানুগতিক কোনো অস্ত্র নয়। এটি একটি বিশেষ ধরনের কলম সদৃশ বস্তু, যা ‘পেন গান’ নামে পরিচিত। এ কারণেই আমাদের আগ্রহ বেশি ছিল। কারণ, এমন অস্ত্র অতীতে কখনো ব্যবহৃত হওয়ার রেকর্ড নেই বা এমন মামলা আমরা ডিএমপিতে পাইনি। তাই অস্ত্রটি কীভাবে দেশে এল, কে কে জড়িত– সবকিছু উদ্ঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে। অস্ত্রটি আর কোথাও ব্যবহার করা হয়েছে কি না, সেই বিষয়ে কাজ করছি। পাশাপাশি কী কারণে গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়েও আমরা কাজ করছি।’
![]()